রংপুর মহানগরীর দীর্ঘদিনের ভোগান্তি অবসানে সাতমাথা গোলচত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৯৮০ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি আধুনিকায়ন করা হবে।
গত রোববার নগরীর সাতমাথা শহিদ মিনার চত্বরে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ফলক উন্মোচন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। পরে সাতমাথা রেলগেট এলাকায় মাটি কেটে উন্নয়নকাজ উদ্বোধন করেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করেন ৩০ নম্বর ওয়ার্ডবাসী।
অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। আমি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সড়কটির উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আজ এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, নির্ধারিত সময়ে উন্নত মান বজায় রেখে কাজ সম্পন্ন হবে এবং নগরবাসী একটি আধুনিক ও টেকসই সড়ক উপহার পাবেন।
তথ্য অনুসারে, এই প্রকল্পের আওতায় মোট তিন হাজার ৭৯০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে তিন হাজার ৬৮০ মিটার কার্পেটিং, ১১০ মিটার আরসিসি সড়ক, দুই পাশে মোট ৬০০ মিটার আরসিসি ড্রেন, ড্রেনের ওপর ফুটপাত টাইলস, দুই হাজার ৫০০ মিটার রোড ডিভাইডার, ৮০০ মিটার রোড সেপারেটর, ১৩০টি লাইটপোল এবং ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন জুয়েল, সহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম, রংপুর মহানগর জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেনিন, রংপুর সিটি করপোরেশন ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন প্রমুখ।

