ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর বেল্ট ও আন্ডারওয়্যারে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০৯ এএম

চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর বেল্ট ও আন্ডারওয়্যার থেকে সাড়ে তিন কোটি টাকার গলিত স্বর্ণ ও অলঙ্কার উদ্ধার করা হয়েছে। পরে ওই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাই ফ্লাইট ‘এফজেড৪৬৩’-যোগে তিনি নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আটক যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। আটক যাত্রী হলেন মীরসরাইয়ের বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই প্রতিনিধিদল শহীদুল আলমকে চ্যালেঞ্জ করে। এরপর তাকে তল্লাশি করা হলে, পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানা গেছে।