ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:৫২ এএম

হলের খাবারের মান নিয়ে মন্তব্য করার জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ছাত্রদলের (সদ্য বহিষ্কৃত) দুই নেতার শাস্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি একাডেমিক ভবন ‘ডি’ এক্সটেনশন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১-এর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত হলে শিক্ষার্থীরা তার কাছে অভিযোগ করেন, অভিযুক্ত তারেক রহমানের বিভাগের পক্ষ থেকে হামলার ঘটনাকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের চেষ্টা করে বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন বলেও দাবি করেন তারা। এসব কর্মকা- যেন তদন্ত কমিটির কাজে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানান।

জবাবে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘তদন্ত কমিটি কাজ করছে। আজই প্রতিবেদন জমা দেবে। আগামীকাল সিন্ডিকেট ডেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো কোনো কার্যক্রমে তদন্ত প্রতিবেদন প্রভাবিত হবে না।’

এদিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। পরবর্তীতে মেসেজ দিয়ে জানান তিনি মিটিংয়ে রয়েছেন।