ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

এসএমপির নতুন কমিশনার শামীম

সিলেট ব্যুরো
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:৫৩ এএম

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

অন্যদিকে, এসএমপির বিদায়ী পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরীকে (পিপিএম-সেবা) চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।