প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরও কিছু বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণসংক্রান্ত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে ইতিমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, এসব সুবিধা বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

