রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম ব্লকবাস্টার একটি সিনেমা। গত বছরের ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল, কিন্তু এর আয় এখনো থেমে নেই। এরই মধ্যে সিনেমাটি একটি নতুন রেকর্ডও তৈরি করেছে। ‘ধুরন্ধর’ ভারতজুড়ে ৪ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছে গিয়ে একটি দারুণ রেকর্ড করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই কৃতিত্ব অর্জনকারী মাত্র ১৯টি সিনেমার মধ্যে এখন এটিও একটি।
‘ধুরন্ধর ২’-এর টিজার যেদিন মুক্তি পায় অর্থাৎ মঙ্গলবার দিনই ‘ধুরন্ধর’ এই রেকর্ড গড়েছে। সম্প্রতি সিনেমাটি আইনি জটে জড়িয়েছে। আদিত্য ধর পরিচালিত সিনেমার দ্বিতীয় ভাগের ঝলক মুক্তির পরেই আইনি জটিলতা প্রকাশ্যে। যথাযথ অনুমতি ছাড়াই সংবেদনশীল এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছে, এই অভিযোগে সিনেমার লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
১৯তম সিনেমা হিসেবে ‘ধুরন্ধর’ দেশীয় বাজারে ৪ কোটি দর্শকের রেকর্ড ছুঁয়েছে। এই তালিকার শীর্ষে ভারতীয় চারটি সিনেমা রয়েছে। এগুলো হলো ‘শোলে’, ‘বাহুবলী ২’, ‘মুঘল-ই-আজম’ এবং ‘মাধব ইন্ডিয়া’। এই চারটি সিনেমার টিকিট ১০ কোটিরও বেশি মানুষ সংগ্রহ করেছিল। সিনেমাটি দেব আনন্দের ‘সিআইডি’ (৩.১ কোটি দর্শক) এবং রাজকুমারের ‘লায়লা মজনু’ (৩.৬ কোটি দর্শক) এর রেকর্ডও ভেঙে দিয়েছে। ‘ধুরন্ধর’ এখন পর্যন্ত ভারতে ৮৩৬.৯৫ কোটি (নেট) আয় করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১৩০৩ কোটিতে পৌঁছেছে। ভক্তরা এখন অধীর আগ্রহে সিনেমার পার্ট ২-এর জন্য অপেক্ষা করছেন। ‘ধুরন্ধর ২’ চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে।

