হঠাৎ করেই গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায় দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম ভারতে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। এরপর তা সংবাদ-মাধ্যমেও উঠে আসে।
ছড়ানো খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক।
এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম চর্চা হয়। এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে কাঁটাতারের ওপার থেকে মোশাররফ করিম বললেন ভিন্ন কথা। তিনি বিষয়টি অস্বীকার না করলেও ব্যাখা দিয়েছেন অন্যভাবে।
এই অভিনেতা বলেন, ‘বিষয়টা যেভাবে ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। ফেসবুকে নানা কথাই রং লাগিয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা-দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই নতুন কাজে অংশ নেবেন বলে জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন