ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিক্ষাগুরু সম্মাননায় ভূষিত তারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:১৯ এএম

‘আলী-রূপা ফাউন্ডেশন’ এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর যৌথ আয়োজনে বেশ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নাচের প্রশিক্ষক, গানের প্রশিক্ষকসহ আরও অন্যান্য সেক্টরের শিক্ষকদের ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষক অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন শিক্ষক ও একজন সংগীতশিল্পী, গানের প্রশিক্ষককে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়।

মূলত সাংবাদিক অভি মঈনুদ্দীনের ছোট্টবেলার বন্ধুদের নিয়ে ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই আয়োজনেই মানিকগঞ্জের মুন্নু ইন্টান্যাশনাল স্কুলের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম নূর, সিলেটের রেবতী রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদার নেপুল, নেত্রকোনার দিগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাবেরী সরকার বেবী ও নেত্রকোনা অঞ্চলের সংগীতশিল্পী ও গানের প্রশিক্ষক রতন সরকারের হাতে এবারের ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ তুলে দেওয়া হয়।

প্রজন্মের অন্যতম উপস্থাপিকা রুহানী সালসাবিলের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, উত্তরীয় পরিয়ে দেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল, সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং অভিনেতা রেহান।

চার শিক্ষক গোলাম নূর, বিশ্বনাথ, কাবেরী ও রতন সরকার ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২০৬’ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাদের কাছে এই সম্মাননা জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি।