‘আওয়ারাপন ২’ সিনেমার হাত ধরে আবার প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিংÍবিগত কয়েক দিন ধরে বলিপাড়ায় চলা এই জল্পনায় অবশেষে জল ঢাললেন শিল্পীর ম্যানেজার। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ইমরান হাশমি অভিনীত এই সিনেমার মাধ্যমে কোনও নতুন ‘কমব্যাক’ করছেন না গায়ক। যে গানগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো তার অবসর ঘোষণার অনেক আগেই সই করা পুরানো চুক্তির অংশ মাত্র।
সম্প্রতি বিনোদন জগতে জোর চর্চা শুরু হয়েছিল যে, প্লেব্যাক গায়কি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সত্ত্বেও অরিজিৎ সিং নাকি বিশেষ ভাট প্রযোজিত ‘আওয়ারাপন ২’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ গানে কণ্ঠ দিয়েছেন। এমনকী, গানটি শিগগিরই মুক্তি পেতে চলেছে বলেও দাবি করা হচ্ছিল। তবে এই খবরের সত্যতা খারিজ করে অরিজিতের ম্যানেজার সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন , এগুলো নতুন কোনও সিদ্ধান্ত বা প্রত্যাবর্তন নয়। শিল্পী আগেই জানিয়েছিলেন যে, অবসর গ্রহণের পূর্বে যেসব গানের চুক্তি তিনি সই করেছিলেন, শুধুমাত্র সেই বকেয়া কাজগুলোই তিনি নিয়ম মেনে সম্পন্ন করছেন।
২০২৪ সালের শুরুর দিকে আচমকাই প্লেব্যাক গায়কি থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করে লাখ লাখ অনুরাগীকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সে সময় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, ইতিমধ্যে যেসব সিনেমার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, সেই গানগুলোর কাজ তিনি শেষ করবেন। ‘আওয়ারাপন ২’-এর গানটিও সেই আগের থেকে নির্ধারিত কাজেরই একটি।
তবে এর উল্টো কথাটাই বলেছেন সংগীত পরিচালক আমাল মালিক। তিনি জানান, ‘আমি আবার শেষবারের মতো বলছি, এটা কোনও পুরনো চুক্তি নয়। মাস কয়েক আগে এই সুরটা অরিজিতের কাছে পাঠিয়েছিলাম। আর তিনি মাত্র গত সপ্তাহে গানটা গাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন!’
প্রযোজক বিশেষ ভাট এবং অরিজিৎ সিংয়ের সম্পর্ক বলিউডে সুদীর্ঘ। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ থেকে শুরু করে ‘আশিকী ২’-এর ‘তুম হি হো’ বা ‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’Íতাদের যৌথ প্রচেষ্টায় একাধিক কালজয়ী গান উপহার পেয়েছে হিন্দি সংগীতজগৎ। সেই পুরানো পেশাদারী দায়বদ্ধতা থেকেই এই গানের কাজ সম্পন্ন করেছেন শিল্পী, কোনও নতুন প্রত্যাবর্তনের উদ্দেশ্যে নয়।

