ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৪০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। গতকাল বুধবার সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের দাবি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা আন্দোলনে নামেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা এলাকা ছেড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে গিয়ে পুনরায় অবস্থান নেন। কারখানার শ্রমিক মোহাম্মদ মাহাদি বলেন, ‘গত তিন মাস ধরে বেতন পাচ্ছি না। ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করতেও পারছি না। বেতন না পেলে আন্দোলন চালিয়ে যাব।’

আরেক শ্রমিক রুজিনা খাতুন বলেন, ‘তিন মাসের বেতন বাকি থাকলেও আমরা কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ একবারও ভাবছে না আমরা কীভাবে বেঁচে আছি, কী খাচ্ছি, কোথায় থাকছি। আমাদের ঘাম ঝরানো টাকায় তারা ভালোই আছে।’

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘সফিপুর এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’