লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. আমির হোসেন নামে এক জেলের গলাকাটা মরদেহ বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি কৃষক শপন হাওলাদারের বড় ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। স্থানীয় চান্দারখাল এলাকার মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির হোসেন মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, নৌ-পুলিশ আমিরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।

