লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা থামিয়ে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রায়পুর থানাধীন ২ নম্বর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাট থেকে উত্তর চরবংশী ইউনিয়নের হায়দরগঞ্জগামী পাকা সড়কের ‘সোলিংয়ের মাথা’ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র দেখিয়ে অটোরিকশার গতিরোধ করে যাত্রী মো. মনির (৩৭)-কে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ৬৮০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। থানার ওসি শামীম মিয়ার নির্দেশনায় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ছয়জন ডাকাতকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রিমন হোসেন (২০), নাবিল হোসেন (২২), রাকিব (২০), নয়ন হোসেন (২০), শাকির হোসেন (২০) ও জিদান (১৫)। তাদের বাড়ি রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার), একটি কালো রঙের নকল নাকল, ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নগদ ৬৮০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

