ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চার বছরেও প্রশাসনিক কাঠামো পায়নি মধ্যনগর উপজেলা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩১ এএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা চার বছর আগে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষিত হলেও এখনো সেখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি। নেই নিজস্ব উপজেলা ভবন, নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং নেই পর্যাপ্ত জনবল। ফলে প্রায় দেড় লাখ মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২২ সালের ২৪ জুলাই মধ্যনগর উপজেলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। তবে চার বছর পার হওয়ার পরও প্রশাসনিক ভবন নির্মাণকাজ শুরু হয়নি। বর্তমানে ২৩টি সরকারি দপ্তরের জন্য অনুমোদিত ২১২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন কর্মকর্তা-কর্মচারী। বাকি ২০৩টি পদ শূন্য রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবকাঠামো ও জনবল সংকটের কারণে উপজেলা কার্যক্রম অস্থায়ীভাবে একটি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের একতলায় পরিচালিত হচ্ছে। অধিকাংশ দপ্তরের কাজ পাশের ধর্মপাশা উপজেলা থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চলছে। এতে নিয়মিত সেবা গ্রহণে ভোগান্তি পড়ছে স্থানীয়দের।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে মধ্যনগরে প্রথম শ্রেণির মাত্র চারজন কর্মকর্তা কর্মরত রয়েছেন, যাদের মধ্যে প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঁচজন কর্মচারী দিয়ে দাপ্তরিক কাজ চালানো হচ্ছে। স্বাস্থ্য খাতও নাজুক। উপজেলায় নেই কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেই একজনও এমবিবিএস চিকিৎসক। দুটি মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং দুটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই। ফলে সাধারণ চিকিৎসা ও জরুরি সেবার জন্য মানুষকে ধর্মপাশা উপজেলা বা সুনামগঞ্জ সদর হাসপাতালে যেতে হচ্ছে।

২২২ বর্গকিলোমিটারের মধ্যনগর উপজেলায় চারটি ইউনিয়ন ও ১৪৭টি গ্রাম রয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা ঘোষণার পর থেকে কাঠামোগত উন্নয়ন কার্যত থেমে রয়েছে।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসাইন বলেন, ‘মধ্যনগরকে পূর্ণাঙ্গ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। চার বছর পার হলেও কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু বলেন, ‘উপজেলা ঘোষণার চার বছর পরও প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নেই। প্রশাসনের আরও আন্তরিক হওয়া দরকার।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘প্রশাসনিক ভবন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ১৬ একর জমির প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।’