বগুড়া থেকে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগের মামলায় হিরো আলমকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, হিরো আলম ব্যক্তিগত গাড়িতে ঢাকার দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর থানার পুলিশ মাঝিড়া বন্দর এলকায় অবস্থান নেয়। সেখান থেকে তাকে গ্রেপ্তারের পর বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সাদিয়া রহমান মিথিলা নামক এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। পরে বিয়ে করতে অস্বীকার করলে হিরো আলমের বিরুদ্ধে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করার পরপরই বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন