ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরালো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর হতে পারে। এরপর কারিগরি পর্যায়ে আলোচনায় বসবে দুই দেশ।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের এই সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাকিস্তান চুক্তি-পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রাখছে।
এদিকে গতকাল বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, আগামীকাল রোববার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-আমেরিকার মধ্যে একটি আলোচনাচুক্তি হতে পারে। একদিন না পেরোতেই চুক্তি নিয়ে নতুন ঘোষণা এলো পাকিস্তানের পক্ষ থেকে।
চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি জানান, দুই দেশই এখন চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরান-আমেরিকা সংঘাত শুরু হয়। যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান। ইসলামাবাদে আলোচনায় বসলেও প্রথম বৈঠক ভেস্তে যায়। এরপর একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তোলে দুই দেশ। তবে সাম্প্রতিক সময়ে প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের মাধ্যমে সমঝোতার পথ খুঁজে নেয় তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, আমরা নিশ্চিত যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।
তিনি আরও জানান, চুক্তির ভাষা নিয়েও দুই দেশ একমত হয়েছে। এর আগে কখনও শান্তির এতটা কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন