চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এই অভিযানের উদ্বোধন করেন। সংসদ সদস্য রুহুল আমিন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও আশপাশে থাকা ঝোপঝাড় কাটেন। ঝাড়ু হাতে ওই এলাকা পরিষ্কার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। মতবিনিময়কালে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ৬ মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালুর অঙ্গীকার করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

