সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামে টাঙ্গুয়ার হাওরপাড়ে চলতি মৌসুমে বোরো ধান কর্তন শুরু হয়েছে। হাওরে জলাবদ্ধতা ও আকস্মিক পানির চাপের কারণে ধান নষ্ট হওয়ার আশঙ্কার মধ্যে পাকা ধান ঘরে তোলার এ উদ্যোগে কৃষকদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। গত সোমবার সকালে রংচী গ্রামের কয়েকজন কৃষক তাদের পাকা ধান কাটা শুরু করেন। ধান কর্তনে অংশ নেওয়া কৃষকদের মধ্যে রয়েছেন আবুজ আলী, শহীদ জামান, জালাল মিয়া, দুলাল মিয়া ও আবুল কাসেম। তারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন, যাতে হাওরের অনিশ্চিত পরিস্থিতিতে কোনো ক্ষতি না হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের অনেক কৃষকের অপরিপক্ব ধান ইতোমধ্যে তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ দিয়ে পানি প্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়লেও যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কাটার কাজে সবাই মনোযোগী হয়ে উঠেছেন। হাওর অঞ্চলে প্রতি বছর আগাম বন্যা ও পানি প্রবেশের কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। তাই চলতি মৌসুমে দ্রুত ধান কর্তনের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগ। কৃষকরাও সম্ভাব্য ক্ষতি এড়াতে দিনরাত পরিশ্রম করে ফসল ঘরে তুলতে সচেষ্ট রয়েছেন।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, রংচী গ্রামের কৃষকদের মাধ্যমে জেলায় এবার প্রথম বোরো ধান কর্তন শুরু হয়েছে। যাদের ধান পেকেছে, তারা যেন দেরি না করে দ্রুত ধান কাটেন- এ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও সময়মতো পদক্ষেপ গ্রহণ করা গেলে হাওরের কৃষকরা তাদের সোনালি ফসল নিরাপদে ঘরে তুলতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন