ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬ রাবার শ্রমিককে অপহরণ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

জয়দেব (বান্দরবান)
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:১৪ এএম

বান্দরবান সদর উপজেলায় ৬ রাবার শ্রমিককে অপহরণের পর তাদের মুক্তির জন্য ২০ লাখ টাকা পণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার একটি রাবার বাগান থেকে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতরা হলেন নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

রাবার বাগানের মালিক ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে এসব শ্রমিক তার বাগানে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো বুধবারও কাজ শেষে তারা বাগানের বিশ্রাম ঘরে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারী ও মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত সেখানে হানা দেয়। তারা শ্রমিকদের মারধর করে, চোখ বেঁধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে অপহরণকারীরা এক শ্রমিকের মোবাইল থেকে যোগাযোগ করে শ্রমিকদের মুক্তির জন্য ২০ লাখ টাকা পণ দাবি করে। টাকা না দিলে অপহৃত শ্রমিকদের পাশাপাশি তাকেও হত্যার হুমকি দেন অপহরণকারীরা।

বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, বুধবার রাতে ৬ রাবার শ্রমিক অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছে।

এ বিষয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকেও ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।