লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কমেছে, অন্যদিকে বিক্রয়লব্ধ অর্থ জমা হয়েছে সরকারি কোষাগারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন স্থান থেকে জব্দ করা জ্বালানি তেল নষ্ট না করে কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের কাছে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কৃষকরা স্বল্পমূল্যে জ্বালানি পেয়ে উপকৃত হচ্ছেন।
গতকাল শনিবার এ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। জব্দকৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হবেন।’
স্থানীয় কৃষকরা জানান, বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সেচকাজে ব্যয় বেড়ে যাচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। প্রশাসন জানিয়েছে, বিক্রীত তেল থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

