ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিহাব মিয়া (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। সে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনেশিয়ান পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিহাব মিয়া ঘটনার দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভালুকা কাঠালী কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিহাব মিয়া নিহত হন।

