লক্ষ্মীপুরের রায়পুরে রাজিব (১৮) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাজিব উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শনিবার দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

