নওগাঁর ধামইরহাটে বাজারে প্রচলিত ছোট মানের নোটগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। দুই টাকা থেকে শুরু করে ৫০ টাকা মূল্যমানের নোটগুলোর অধিকাংশই ছেঁড়া, ফাটা ও অতিরিক্ত ময়লাযুক্ত হওয়ায় লেনদেনে সৃষ্টি হচ্ছে জটিলতা। এর পাশাপাশি বাজারে নতুন নোটের তীব্র সংকট ব্যবসা পরিচালনায় বাড়তি বিঘœ ঘটাচ্ছে।
উপজেলা সদরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, প্রতিটি ক্যাশ বাক্সে লেনদেনের অনুপযোগী প্রচুর ছেঁড়া-ফাটা নোট জমে আছে। ব্যবসায়ীরা জানান, কেনাকাটার সময় সাধারণ ক্রেতারা এসব পুরাতন ও জরাজীর্ণ নোট নিতে চান না। অনেক ক্ষেত্রে ক্রেতারা এমন সব নোট নিয়ে আসেন, যা গ্রহণ করার মতো অবস্থায় থাকে না। ফলে নোট নেওয়া না-নেওয়াকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হচ্ছে, যা নিয়মিত ব্যাবসায়িক পরিবেশ নষ্ট করছে।
এক দোকানি আক্ষেপ করে বলেন, এই নোটগুলো আমাদের কাছে জিম্মি হয়ে আছে। বাজারে এগুলো চলে না, আবার ব্যাংকেও সহজে নেওয়া হয় না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সংকট থেকে মুক্তি পেতে তারা বাজারে নতুন নোটের সরবরাহ বাড়ানো এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দ্রুত পুরাতন নোট পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধামইরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, বাজারে ছোট নোটগুলোর এই শোচনীয় অবস্থার কথা আমরা জানি। ব্যাংকে বর্তমানে এই নোটগুলোর নতুন মুদ্রণের সংকট থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তিনি আরও জানান, জাতীয়ভাবে এসব মূল্যমানের নতুন নোট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত পুরাতন নোটগুলো সংগ্রহ করে বাজারে নতুন নোটের সরবরাহ স্বাভাবিক করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন