কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা পর্যায়ে ৯টি ক্যাটাগরিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদকে ভূষিত করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বরল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন এম. সাতপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নাজমা আক্তার। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিস সুরমা আক্তার।
এ ছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এজেএম শরীফুর রহমান মজুমদার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া বেগম। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, শ্রেষ্ঠ কাব শিশু (বালক) হিসেবে নির্বাচিত হয়েছে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ এবং শ্রেষ্ঠ কাব শিশু (বালিকা) হিসেবে নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া আক্তার।

