স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। গতকাল শনিবার জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর মতো আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা, উদ্ভাবন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নয়ন ও সমৃদ্ধির শীর্ষে অবস্থান করবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে বিশ্বমানের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে। প্রতিমন্ত্রী বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতা অর্জন করতে হবে। বিজ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রদর্শন করে। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মডেল ও বাস্তব সমস্যার সমাধানভিত্তিক প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পরে প্রতিমন্ত্রী প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন।
আয়োজকেরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা এবং তরুণদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাব তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা প্রকাশের সুযোগ পাচ্ছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন