ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক হঠাৎ ছিঁড়ে গেলে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিন ও বগির সংযোগ হুক বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিন কিছুদূর এগিয়ে গেলে চালক বিষয়টি টের পান এবং দ্রুত ইঞ্জিনটি পেছনে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনটি ব্যাক করে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘হুক মেরামতের কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’ এই ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও মেরামতের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

