লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের লাইট নিভিয়ে বাংলাদেশে অবৈধ পুশইনে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত রোববার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তে এ ঘটনা ঘটে। গভীর রাতে আকস্মিক ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় সীমান্তবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে বিজিবি সীমান্তে বাড়তি সতর্কতা ও টহল জোরদার করেছে।
বিজিবি ও সীমান্ত এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন শ্রীরামপুর বিওপির মেইন পিলার ৮৫৪-এর ১০-এস উপ-পিলারের বিপরীত দিকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল। রোববার রাতে বিএসএফ সদস্যরা পাঁচ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখ-ে পুশইন করার চেষ্টা চালায়। এ সময় পুশইন নির্বিঘœ করতে তারা সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে অন্ধকার তৈরি করে।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গ্রামবাসী ও বিজিবির কঠোর বাধার মুখে পড়ে বিএসএফের পুশইনের সেই অপচেষ্টা ভেস্তে যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ টহল দলের সদস্যরা বাংলাদেশের ভূখ- লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভারতের অভ্যন্তরে পিছু হটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটলিয়ন (৬১ বিজিবি)-এর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের অপচেষ্টা নসাৎ করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কড়া নজরদারি রাখছে।

