চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটির স্তূপের নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কিনেছিল। সেখানে বসতভিটার মাটি ভরাটের জন্য কয়েক দিন ধরে ঘরের পাশের টিলা থেকে একাই মাটি কাটছিল। এ সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে। পরে স্থানীরা তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

