নরসিংদীতে র্যাব-১১ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার দুপুরে নরসিংদী সদর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন বেলদীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সিনিয়র কর্মকর্তা মুইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স হিরো শো-রুমের সামনে অবস্থানকালে শো-রুমের কর্মচারী আলাল নামে এক ব্যক্তি তাদের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ও তার সঙ্গে থাকা আশিক নামে আরেক ব্যক্তি র্যাব সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়। এ সময় শো-রুমের মালিক মাজেদুল ইসলাম লোহার পাইপ দিয়ে কনস্টেবল মিজানুর রহমানকে পায়ে আঘাত করে গুরুতর জখম করেন এবং পরে আরও মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় র্যাব সদস্যদের চিৎকারে অন্য সদস্যরা এগিয়ে এসে আহত কনস্টেবলকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করেন। গ্রেপ্তারকৃতরা হলেনÑ শো-রুমের মালিক মো. মাজেদুল ইসলাম, কর্মচারী আলাল ও আশিক। পরে আহত কনস্টেবল মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন