ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে এ কংগ্রেসে আলোচনা করা হয়। গত রোববার উপজেলা কৃষি কার্যালয়ের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

