ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ব্রিজ ভেঙে খাদে ট্রাক চালক নিহত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫০ এএম

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে নাঈম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আল আমিন (১৪) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের পূর্ব মাথায় ধলীগৌরনগর ও রমাগঞ্জ ইউনিয়নের সংযোগকারী ওই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম নাঈম (২৩)। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কোনো বিকল্প সড়ক না থাকায় এলাকাবাসী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করতেন। মঙ্গলবার সকালে একটি বালুবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় এটি ভার সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নাঈম নিহত হন। ট্রাকে থাকা হেলপার সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও তা সংস্কার বা পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত এখানে নতুন ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। লালমোহন থানার মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।