ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সিএসএসের শিক্ষাবৃত্তি

খুলনা ব্যুরো
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৩ এএম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী খুলনার ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিয়েছে খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)। গতকাল মঙ্গলবার সকালে সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা ও সনদ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত শিক্ষার্থীদের মেধাবী পথচলার প্রশংসা করেন এবং তাদের মাদক, অনলাইন জুয়া ও অসৎ সঙ্গ এড়িয়ে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসএসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের পরিচালক মো. সেলিম রেজা। তিনি জানান, সুবিধাভোগীদের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে ১৫ বছর ধরে এই কার্যক্রম চলছে। বিশেষ অতিথি সহকারী কমিশনার জাহীন আবরার হিমেল শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে ধৈর্য ও পরিশ্রমের তাগিদ দেন। শিক্ষা বৈষম্য দূর করার হাতিয়ার উল্লেখ করে জেলা প্রশাসক সিএসএসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।