গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা আব্দুল ওহাব শেখ (৬৫)। গত সোমবার রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার একটি দোকানে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও তার কোনো সাংগঠনিক পদ-পদবি নেই।
ওহাব শেখ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমার ছেলের এই কর্মকা-ের কথা জানতে পারি। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সে কিছুতেই তার পথ থেকে সরছে না। এ কারণে আমি সপরিবারে আমার ছেলেকে ত্যাগের ঘোষণা দিচ্ছি।
তিনি আরও জানান, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকা-ের দায়ভার তার পরিবার বহন করবে না। সজীবের সব কাজের দায়িত্ব সম্পূর্ণ তার নিজের। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

