শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা উপভোগ করেন। খেলা শেষে সবাই বাড়ি ফিরে গেলে গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের বিভিন্ন ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল বাইরে ফেলে দিয়ে অগ্নিসংযোগ করে।
বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের কিছু অংশ, কয়েকটি চেয়ার ও ফেস্টুন পুড়ে গেছে।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ বলেন, আমি নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি যে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা হামলা ও অগ্নিসংযোগ করেছে। আমাদের ধারণা, নিষিদ্ধ সংগঠনের লোকজন এর পেছনে জড়িত থাকতে পারে। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন জানান, নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য ফোর্স পাঠিয়েছে। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

