চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই পথে ভারত থেকে আসা ১৯টি গরুসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মহামায়া ইউনিয়নের রাসেল প্রকাশ আলম (৩৫) এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মো. আরিফ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার নয়াটিলা মাজার এলাকায় পুলিশের একটি দল অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় গরু বহনকারী দুটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাই পথে সীমান্ত পেরিয়ে আনা গরুগুলো পিকআপ ভ্যানে করে গন্তব্যে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় গরুসহ চারটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

