সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী দাতব্য কনসার্ট। গত শুক্রবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ‘গুড নেইবারস বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘চ্যারিটি কনসার্ট ফর চিলড্রেন’ শিরোনামের এই আয়োজনে গানের সুর ও মানবিকতার বার্তায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক ও সহস্রাধিক দর্শক অংশ নেন। আয়োজকরা জানান, কক্সবাজারের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, নৈতিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করাই এই কনসার্টের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামনুল আহমেদ অনিক।

