নেত্রকোনার বারহাট্টায় ‘মাদক নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বারহাট্টা থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বারহাট্টা থানার ওসি চম্পক দামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল ও বিট অফিসার এসআই মেহেদী হাসান। ওসি চম্পক দাম তার বক্তব্যে চিরাম ইউনিয়নের ২৯টি গ্রামের মধ্যে ৮টি গ্রামে চিহ্নিত ২৯ জন মাদক কারবারির নাম প্রকাশ করেন এবং বাকি গ্রামগুলোতে মাদক কারবারিদের উপস্থিতি নেই বলে জানান। তিনি মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও সালিশ ব্যক্তিত্বরা মাদক কারবারিদের দমনে পুলিশের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানান।

