ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:১৮ এএম

রংপুর, নীলফামারী, নোয়াখালী, শেরপুর ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

নীলফামারী : কিশোরগঞ্জে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হন। শনিবার কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে এইচএসসি পরিক্ষার্থী রিয়াদ ইসলাম (১৮)। জানা যায়, শুক্রবার রাতে কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে ১৪ জন বরযাত্রী কনেসহ মাইক্রোবাসে বাড়ি ফিরছিল। রাত ৩টার দিকে শাল্টিবাড়ী এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ১২ জনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওসি আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর : পীরগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় উজ্জ্বল রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল লালমনিরহাটের আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে। ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নোয়াখালী : বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  স্থানীয়রা জানান, শ^শুরবাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ। ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেরপুর : নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে ফিরে অটোরিকশায় শহিদুল পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টি গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও পাশে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঝিনাইদহ : ঝিনাইদহে নসিমন উল্টে আসাদ (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজ শেষ করে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন নগরবাথান গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আসাদ মিয়া। পথে মহাসড়কের নগরবাথান পশ্চিম পাড়ায় পৌঁছালে নসিমনটি উল্টে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আসাদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।