ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বেনাপোলে বড় ভাইকে কুপিয়ে জখম

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২২ এএম

বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেনকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে। শুক্রবার পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ জানান, দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল। এরই জেরে ছোট ভাই মনির তার বাড়িতে এসে তার ওপর হামলা চালান। এ সময় মনির রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। ফিরোজের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান। এ ব্যাপারে পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।