ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২৯ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশে ময়লা ফেলার গর্তের পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন শাহবাজপুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। বালিয়াডাঙ্গী থানার ওসি মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে কোনো এক সময় বাড়ির আঙিনায় খেলতে খেলতে পরিবারের অগোচরে শিশুটি প্রায় ১০০ গজ দূরে থাকা একটি ময়লা ফেলার গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা বাড়ির পাশের ওই গর্তে মুস্তাকিনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।