নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় শাহজাহান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূইয়া নামে একজন গুরুতর আহত হন। এ সময় ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূইয়া একই এলাকার সামসু ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিলন ভূইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে বিষয়টি জানান। এরপর ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ভূইয়া ও তাদের চাচা সুরুজ ভূইয়া ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূইয়া গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, ডাকাতের দল প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তা-ব চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেশী সোহেল মিয়া বলেন, ডাকাতদের উপস্থিতির খবর পেয়ে শাহজাহান ভূইয়া ও সুরুজ ভূইয়া ঘটনাস্থলে গেলে বাইরে অবস্থানরত ডাকাতেরা তাদের ওপর হামলা চালায়। এরপর ডাকাতেরা লুটপাট শেষে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাহজাহান ভূইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সুরুজ ভূইয়া চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

