ভোট দিতে এসে কেন্দ্রেই নতুন জীবন জন্ম দেওয়ার এক বিরল ঘটনার সাক্ষী হলো সিরাজগঞ্জের রায়গঞ্জবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক প্রসূতি ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেঙনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকালে কেন্দ্রে আসেন। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পরই তার তীব্র প্রসবব্যথা শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় কেন্দ্রের ভেতরেই তিনি সন্তান প্রসব করেন।
সন্তান জন্মের পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। ভোটের লাইনে দাঁড়িয়ে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই শিশুটিকে ‘ভোটের উপহার’ হিসেবে অভিহিত করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল খালেক পাটোয়ারি জানান, আমরা অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জেনেছি। ভোটকেন্দ্রে এমন ঘটনা বিরল। মা ও শিশুর সুস্থতা কামনা করছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন