ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসময়ে ট্রফি উন্মোচন

নারী লিগ নিয়ে বিপাকে বাফুফে!

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৫ এএম

গত সোমবার হঠাৎ করেই রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে নারী ফুটবল লিগের ১১ দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের এই ট্রফি উন্মোচনে অবাক হয়েছেন সবাই! কেননা, লিগ প্রায় শেষের পথে। এরই মধ্যে ট্রফি জয়ের রেস থেকে ছিটকে গেছে অনেক দল। এমন অসময়ে ট্রফি উন্মোচনে বিস্মিত না হওয়ার উপায় আছে! অতীত ভিন্ন কথা না বললে এই প্রথম লিগের শেষ পর্যায়ে এসে ট্রফি উন্মোচনের বিরট ঘটনা ঘটল! নারী লিগের ৪৫ ম্যাচ হয়ে গেছে। দুই রাউন্ড পর লিগ শেষ হবে। এই সময়ে হলো ট্রফি উন্মোচন।

দেরিতে ট্রফি উন্মোচন নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সময় মেলানোর একটা ব্যাপার ছিল, আমরা সেভাবে সময় পাইনি। সব দল তাদের অধিনায়কও ঘোষণা করেনি। তাই অনুষ্ঠানটা এখন করা।’ লিগ নিয়ে আসলে বিপাকে পড়েছে বাফুফে! বাফুফের সহসভাপতি বলেন, ‘অনেক চ্যালেঞ্জ ছিল। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমনÑ ফ্লাডলাইটের ইস্যুটা। আমি শতভাগ সন্তুষ্ট নই। তবে লিগ শেষ করতে পারছি, এতেই আমরা খুশি।’ নারী লিগে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজশাহী, দুইয়ে আছে ফরাশগঞ্জ। রাজশাহীর সমান আট ম্যাচ খেলা ফরাশগঞ্জের পয়েন্ট এখন ২১।

অসময়ে বাফুফের ট্রফি উন্মোচন প্রসঙ্গে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘সবারই একটা লক্ষ্য থাকে যে ট্রফিটা আমরা নেব। ট্রফি উন্মোচনটা যদি এমন সময়ে (লিগের শেষ দিকে) হয়, তাহলে তো কোনো ইচ্ছাই থাকে না। আমরা না হয় এখনো ট্রফি জেতার দৌড়ে আছি, অনেকে তো নেই!’