জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ ফুটবল লিগের খেলা বন্ধ হয়ে গিয়েছিল। সর্বশেষ লিগের খেলা হয়েছে গত ৩ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো লিগ শুরুর ব্যাপারে কোনো কিছুই জানায়নি ফুটবল ফেডারেশন। এক মাসের বেশি সময় লিগ বন্ধ থাকায় এখন শুধু অপেক্ষার প্রহর গুনছে ক্লাবগুলো। মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানিয়েছেন, গত ১৯ জানুয়ারি ফুটবল ফেডারেশন চিঠি দিয়ে জানিয়েছিল, লিগের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সূচি এখনো পাননি তারা। সূচি হাতে পেলেই ক্যাম্প শুরু করবে মোহামেডান ক্লাব। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান জানিয়েছেন, নানাভাবে খোঁজ নেওয়া হলেও কেউই লিগের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। এ জন্য দলের প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করতে পারছে না ব্রাদার্স ইউনিয়ন।
গত ৩ জানুয়ারি লিগের প্রথম পর্বের খেলা শেষে মধ্যবর্তী দলবদল শুরু হয়। ৩১ জানুয়ারি দলদবল শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও ৬ ফেব্রুয়ারি লিগের দ্বিতীয় পর্বের সূচি দিয়েছিল ফুটবল ফেডারেশন। নির্বাচনের কারণে সেই সূচি পিছিয়ে যায়। কিন্তু এখনো এই সূচির ব্যাপারে কিছুই জানায়নি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফুটবল লিগে প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসি।
লিগ কবে শুরু হবে, সেটির নিশ্চয়তা না পেলেও দলকে অনুশীলনের মধ্যে রেখেছে ক্লাব দুটি। ফর্টিজ এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, ক্লাবের জানা দরকার, কবে লিগ শুরু হবে। তা না হলে পরিকল্পনা সাজানো যায় না। শিগগির লিগ শুরুর তারিখ বাফুফে ঘোষণা করবে বলে আশাবাদী ফর্টিজ। ফেডারেশন কাপের বাকি অংশ, লিগের দ্বিতীয় পর্ব কবে শুরু হবে- এ বিষয়ে লিগ কমিটির কাছ থেকে কিছু জানা যায়নি। হামজা চৌধুরী-শমিত সোম আসার পর দেশের ফুটবলে উন্মাদনা তৈরি হয়ে। তাদের এই উন্মাদনা কাজে লাগিয়ে বাফুফে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগের দিকে তেমন নজর নেই বাফুফের।

