টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রান উৎসবের ম্যাচে অসাধারণ বোলিং করে প্রশংসায় ভাসছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তাকে বোলিংয়ের ব্র্যাডম্যান হিসেবে আখ্যায়িত করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্যার ডন ব্র্যাডম্যানের নাম অবিসংবাদিত। শুধু ক্রিকেটে নয়, যেকোনো খেলাতেই উৎকর্ষের আদর্শ মানদ- ধরা হয় তাকে। তার তুলনা হওয়া মানেই যেকোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ স্বীকৃতি। সেই সম্মানই এবার পেলেন জাসপ্রিত বুমরাহ। ভারত-ইংল্যান্ডের রান জোয়ারের ম্যাচে রান আটকে রেখে প্রশংসা পাচ্ছেন এই বোলার। মুম্বাইয়ে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৩ রান তুলেও ইনিংসজুড়ে স্বস্তিতে ছিল না ভারত।
তুমুল লড়াই করে শেষ পর্যন্ত ২৪৬ রানে থমকে যায় ইংল্যান্ড। ইংলিশদের সেই আটকে রাখার বড় কৃতিত্ব জাসপ্রিত বুমরাহর। ইংল্যান্ডের রান তাড়ায় অষ্টাদশ ওভারে মাত্র ৬ রান দেন তিনি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। রান উৎসবের ম্যাচে তিনি ছিলেন সবচেয়ে মিতব্যয়ী বোলার। দুই দল মিলিয়ে ম্যাচে রান উঠেছে ওভারপ্রতি প্রায় সাড়ে ১২ করে। বুমরাহ সেখানে রান দিয়েছেন ওভারপ্রতি ৮.২৫। ৪২ বলে ৮৯ রান করে ম্যাচ-সেরা হওয়া সাঞ্জু স্যামসন তো পুরস্কার বিতরণী আয়োজনে অকপটেই বলেছেন, ‘সব কৃতিত্ব জাসপ্রিত বুমরাহর, এই পুরস্কার তার প্রাপ্য।’ প্রশংসা পাচ্ছেন তিনি অনেকের কাছ থেকেই। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মতে, ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন বুমরাহ। মাঞ্জরেকার বলেন, ‘ম্যাচের এত উপাদান নিয়ে বলার আছে, দুই দলেরই ব্যাটিং ছিল রোমাঞ্চকর।
তবে দিন শেষে ব্যবধান গড়ে দিয়েছে একজনইÑ দ্য গ্রেট বুমরাহ।’ একই সুর ধারাভাষ্যকার হার্শা ভোগলের কণ্ঠেও। তিনি বলেন, ‘ম্যাচজুড়ে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স আছে ভারতের। ব্যাটিংয়ের শেষদিকে তিলাক ভার্মা, সব জায়গাতেই ছিলেন হার্দিক পান্ডিয়া, আকসার ফিল্ডিংয়ে ছিলেন চোখধাঁধানো, কিন্তু সবসময়ের ডায়মন্ড জাসপ্রিত বুমরাহ।’
ভারতের সাবেক পেসার ও বিশ্লেষক ইরফান পাঠানের মতে, ব্যাটিং স্বর্গে রানের তা-বে মূল ব্যবধান গড়ে দিয়েছেন একজন বোলার। ইরফান বলেন, ‘৫০০ রানের ম্যাচে আমার চোখে ম্যান অব দ্য ম্যাচ জাসপ্রিত বুমরাহ। ওভারপ্রতি রান ৮.২৫। সে-ই গড়ে দিয়েছে পার্থক্য।’ বুমরাহর চূড়ান্ত প্রশংসা এলো বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের ধারাভাষ্যকার ড্যানিয়েল নরক্রসের কাছ থেকে। তিনি বলেন, ‘জাসপ্রিত বুমরাহ বোলিংয়ের ব্র্যাডম্যান। ওই আঙুলগুলোয় জাদু আছে। আমাদের সৌভাগ্য যে আমরা তার সময়ে বেঁচে আছি।’

