বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। দেশের ক্রিকেট প্রশাসনের সাম্প্রতিক পরিস্থিতি এবং নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করাই তাদের সফরের মূল উদ্দেশ্য।
সোমবার ঢাকায় পৌঁছান আইসিসি বোর্ডের দুই প্রতিনিধি ক্রিকেট সাউথ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজি এবং জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গা মুখুহলানি। তারা বিসিবি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবেন।
বিসিবির এক কর্মকর্তা জানান, প্রতিনিধিদলটি নির্বাচনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। এরই মধ্যে অন্তত আটজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। খুলনা ও বরিশাল বিভাগে এবং ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৭ এপ্রিল পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৮ সালের নীতিমালার ২১ ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়, যেখানে অনিয়ম প্রমাণিত হলে অধীনস্থ যেকোনো ক্রীড়া সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
একই দিনে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির তত্ত্বাবধানেই বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নতুন নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

