আসর শুরুর ম্যাচে দুই দফায় পিছিয়ে গিয়েও ড্র করায় খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন জাপান কোচ হাজিমে মেরিয়াসু। তবে তিন পয়েন্ট না পাওয়ায় হতাশার কথাও বলেছেন তিনি। ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।
প্রথমার্ধে রক্ষণ জমাট রেখে ডাচদের হতাশ করে জাপান, শেষদিকে কিছু আক্রমণও করে। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের গতি। খেলা চলে যেন ‘এক বক্স থেকে আরেক বক্সে।’ ১৩ মিনিটের মধ্যে হয় তিন গোল। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সমতা টানে জাপান।
ম্যাচ শেষে মেরিয়াসু বলেনÑ ড্র নয়, জয়ই চেয়েছিলেন তিনি। নেদারল্যান্ডস খুব শক্তিশালী দল। আমরা পিছিয়ে পড়েছিলাম। খুব কঠিন প্রতিপক্ষ। খেলোয়াড়রা খুব একতাবদ্ধ ছিল, দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং শেষপর্যন্ত লড়াই করেছে। অবশ্যই, ড্রয়ের এক পয়েন্ট নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই।
তিনি আরও বলেন, অবশ্যই ঘুরে দাঁড়ানো খুব কঠিন ছিল। দৃঢ়প্রতিজ্ঞ থেকে ওরা পেরেছে। একই সঙ্গে ধৈর্য ধরে ওরা শান্ত ছিল এবং সুযোগ বের করেছে এবং কাজে লাগিয়েছে। তাই আমি খুবই গর্বিত যে, ওরা নিজেদের গতি ধরে রাখতে পেরেছে। আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম, এক পয়েন্ট নয়। অবশ্যই এটা কিছুটা হতাশার।
আগামী রোববার মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে জাপান।

