ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:২৭ এএম

২০২৭ সালে পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল খেলবে একটি টেস্ট ম্যাচ, আর নারী দল অংশ নেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং চলবে ১ জুন পর্যন্ত। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে টেস্টে আতিথ্য দেবে ইংল্যান্ড।

এর আগে সবশেষ ২০১০ সালে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখান বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। যদিও ৮ উইকেটে ম্যাচটি জিতেছিল ইংলিশরাই।

বাংলাদেশ নারী দল এখনো ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি। সেটির অবসানও হচ্ছে আগামী বছর। লর্ডসে খেলার সুযোগ পাচ্ছেন তারাও।

সফরের শেষ ভাগে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে টন্টন ও ওরচেস্টারে।

এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং শেষ ওয়ানডে ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে আতিথ্য দিতে মুখিয়ে আছি।

সূচি : ইংল্যান্ড পুরুষ বনাম বাংলাদেশ

২৮ মে-১ জুন : একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন

ইংল্যান্ড নারী দল বনাম বাংলাদেশ নারী দল

৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি, নর্থাম্পটন

১০ সেপ্টেম্বও : দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন

১২ সেপ্টেম্বও : তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার

১৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, হোভ

২১ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি

২৪ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড