সিলেট-২ সংসদীয় আসনে মায়ের ‘প্রতিপক্ষ’ হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিখোঁজ এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবরার ইলিয়াস। তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিলেও তার মা, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
ইলিয়াস আবরার বিশ্বনাথে মাকে সাথে নিয়েই তার মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে বিশ্বনাথ ও ওসমানী নগরে ব্যাপক আলোচনা চলছে।
বিএনপি সূত্র জানায়, মা ও ছেলে প্রার্থী হলেও শেষপর্যন্ত তারা দুজনই নির্বাচন করবেন না। মূলত বিকল্প হিসেবে তারা উভয়েই মনোনয়নপত্র জমা দেন। যদি কোনো কারণে কারো মনোনয়নপত্র অবৈধ হয়ে যায়, তাহলে বিকল্প হিসেবে যেন তাদের একজন প্রার্থী থাকেন, সেই লক্ষ্যে এটি করেছেন তারা।
এর আগে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির টিকিটে লুনা প্রার্থী হলেও আইনের গ্যাঁড়াকলে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। আদালতে আপিল করেও তিনি ফিরতে পারেননি। এবার যাতে সে রকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সে জন্য মা-ছেলে একই আসনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মায়ের মনোনয়নপত্র বৈধ হলে ছেলে আবরার ইলিয়াস তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন