কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ (৫) (নিকলী-বাজিতপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ এহসান হুদা, থানা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু এবং সাধারণ সম্পাদক হেলিম তালুকদার।
বিএনপিতে সদ্য যোগদানকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিকলী উপজেলা আহ্বায়ক আল হেবিন বলেন, ‘২০২৪ সালের আন্দোলনটি ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন এবং নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নের আন্দোলন।’
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা লালন করি, আন্দোলনের সময় আমরা তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। সে কারণেই আজ নিকলী উপজেলার প্রায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।’
বিএনপির স্থানীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, এই যোগদানের মাধ্যমে নিকলী বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের গণভিত্তি আরও বিস্তৃত হবে


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন