রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনকে নিজ গ্রামে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার বড় ছেলে রাহাব উদ্দিন (১৭) এবং ভাতিজি মোছা. রোদেলা আক্তার (১৪)।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের পঞ্চম তলায় আটকে পড়া একই পরিবারের এই তিনজন ঘটনাস্থলেই মারা যান।
এদিন রাত ১০টার দিকে নিজগ্রাম দড়িপাচাশি বায়তুন নুর জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে জানাজা শেষে দাফন করা হয়।
এদিকে, একসঙ্গে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে দড়িপাচাশি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহত হারিছ উদ্দিনের মা সাহারা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ৩০ বছর ধরে হারিছ উদ্দিন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে তিনি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার চার সদস্যের পরিবার ছিল। ঘটনার আগের রাতে স্ত্রী রিনা আক্তার ছোট ছেলে নবাবকে নিয়ে মিরপুরে বাবার বাড়িতে বেড়াতে যান। এতে স্ত্রী ও ছোট ছেলে প্রাণে বেঁচে যান। নিহত ভাতিজি রোদেলা আক্তার একই ভবনে বসবাস করত এবং উত্তরার একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত।



